ব্যর্থতার বৃত্তে বন্দী লাৎসিও
আগের তিন ম্যাচে একটি হার, দুটি ড্র। ব্যর্থতার সঙ্গে বসবাস করা লাৎসিও হার মেনেছে আবার। ইতালিয়ান সেরি-আয় অবনমনের শঙ্কায় থাকা সিয়েনার মাঠ থেকে ৩-০ গোলে হারের লজ্জা নিয়ে ফিরেছে তারা।
ড্র করতে পারলেও তৃতীয় স্থান ধরে রাখতে পারত লাৎসিও। কিন্তু হেরে যাওয়ায় চতুর্থ স্থানে থাকতে হচ্ছে তাদের।
লাৎসিও ও এসি মিলানের পয়েন্ট ৪৪ হলেও মিলান গোল গড়ে এগিয়ে আছে। শীর্ষে থাকা জুভেন্টাসের ৫৫ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে নাপোলি দ্বিতীয় স্থানে।
সোমবার রাতে সিয়েনার জয়ের প্রধান নায়ক নাইজেরীয় বংশোদ্ভূত সুইজারল্যান্ডের স্ট্রাইকার ইনোসেন্ট এমেঘারা। ৭ ও ৬১ মিনিটে দুই গোল করেন তিনি। ২৩ মিনিটের সময় স্বাগতিকদের দ্বিতীয় গোলটি ছিল ইতালীয় মিডফিল্ডার আলেসান্দ্রো রোসিনার।
