সেরি আ’য় জায়ান্টদের হতাশার রাত
রোববার রাতে সেরি আয় অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ফিওরেন্তিনার মাঠ থেকে ৪-১ গোলে হেরে এসেছে তারা। ঘরের মাঠে সাম্পদোরিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছে নাপোলি।
আগেরদিন রোমার কাছে ১-০ গোলে হারলেও ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই আছে আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস।
ব্যবধান কমানোর সুযোগ হারানো নাপোলি চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়তে। এক ম্যাচ কম খেলা ল্যাৎসিওকে গোল ব্যবধানে পেছনে ফেলে তিন নম্বরে থাকা এসি মিলানের পয়েন্ট ৪৪। ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইন্টার মিলান।
ফিওরেন্টিনার জয়ের নায়ক দুই স্ট্রাইকার অ্যাডাম লিয়াজিক ও স্টেভান জোভেটিক। লিয়াজিক ১৩ ও ৬৫ মিনিটে এবং জোভেটিক ৩৩ ও ৫৫ মিনিটে লক্ষ্যভেদ করে দলকে দারুণ এক জয় এনে দেন।
খেলা শেষ হওয়ার মিনিটে তিনেক আগে ইন্টারের পক্ষে স্বান্তনাসূচক গোলটি করেন স্ট্রাইকার অ্যান্তোনিও কাসানো।
জুভেন্টাসের বিপক্ষে স্বাগতিকদের জয়ের নায়ক ৩৬ বছর বয়সি ইতালিয়ান স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টি। রোমার মাঠ সান ম্যারিনোয় ৫৮ মিনিটে দুর্দান্ত এক শটে ‘ওল্ড লেডি’র জালে বল জড়িয়ে খেলার একমাত্র গোলটি করেন তিনি।
সেরি আ’য় টট্টির এটি ২২৪তম গোল। আর মাত্র একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন সেরি আ’য় সর্বোচ্চ ২২৫ গোল করা সুইডেনের সাবেক ফুটবলার গানার নরদালকে। ১৯৪৮-৫৮ মৌসুমে তিনি এসি মিলানের হয়ে ২১০টি ও রোমার হয়ে ১৫টি গোল করেন।
