কোনো রকমে আবাহনীর রক্ষা
ইনজুরি সময়ের গোল রক্ষা করল আবাহনী লিমিটেডকে। রোববার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে।
১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। দ্বিতীয় স্থানে থাকা শেখ রাসেলের পয়েন্ট ২৬। ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেখ রাসেল এগিয়ে যায় ১২ মিনিটের সময়। জাহিদ হোসেনের ক্রস থেকে মিঠুন চৌধুরী প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন (১-০)।
এরপরই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেখ রাসেল। কয়েকটি সুযোগও পায় তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি।
এর মধ্যে সহজতম সুযোগ আসে বিরতির ঠিক আগে। জাহিদের নিচু ক্রস আবাহনীর ডিফেন্ডার ওয়ালী ফয়সাল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান হাইতির স্ট্রাইকার সনি নর্দে। কিন্তু তিনি গোল করতে পারেননি।
বিরতির পর আবাহনী সমতা আনতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাদের আক্রমণগুলো কিছুতেই শেখ রাসেলের রক্ষণভাগের বাধা পেরোতে পারছিল না।
শেষ পর্যন্ত ইনজুরি সময়ে সাফল্য পায় পেশাদার লিগের চার বারের চ্যাম্পিয়নরা। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে আতিকুর রহমান মিশুর কর্নার থেকে ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের ব্যাক হিল জালে জড়িয়ে যায় (১-১)।
পয়েন্ট ভাগাভাগি করলেও খেলা শেষে দুই দলের কোচই রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বেশিক্ষণ ইনজুরি সময় দেয়ায় ক্ষোভ প্রকাশ করে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “এই ম্যাচে কোনো ভাবেই ৬ মিনিট ইনজুরি সময় হতে পারে না। সর্বোচ্চ ৩ মিনিট হতে পারতো। আসলে শেখ রাসেলকে ঠেকানোর জন্য পেছনে অনেক কিছু ঘটছে। তাই আমার মনে হয় না আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।”
অন্যদিকে আবাহনীর ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাত বলেন, “আমাদের দলের তুয়াম ফ্রাঙ্ক এ ম্যাচে যেমন লাল কার্ড পেতে পারতো, তেমনি রেফারি আমাদের একটি পেনাল্টি থেকেও বঞ্চিত করেছে।”
