আরেকটি ফাইনালে নাদাল
দীর্ঘ সাত মাস পর কোর্টে ফিরে টানা দ্বিতীয় প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ব্রাজিল ওপেনের সেমিফাইনালে আর্জেন্টিনার মার্টিন আলুন্দকে হারিয়েছেন স্পেনের টেনিস তারকা। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৭(২-৭), ৬-১।
ফাইনালে নাদালের প্রতিপক্ষ আরেক আর্জেন্টাইন ডেভিড নালবান্দিয়ান। অন্য সেমিফাইনালে ইতালির সিমোনে বোলেল্লিকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।
চোট কাটিয়ে কোর্টে ফেরার পর প্রথম টুর্নামেন্ট চিলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি নাদাল। এখন আবার তার সামনে শিরোপার হাতছানি। তবে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা নয়, আপাতত টানা দ্বিতীয় প্রতিযোগিতার ফাইনালে উঠতে পেরেই উচ্ছ্বসিত ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
তিনি বলেন, “সাত মাস কোর্টের বাইরে থাকার পর হাঁটুর অবস্থা ভালো না হলে দুটো প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারতাম না। শারীরিকভাবে আমি ফাইনালের জন্য প্রস্তুত। তবে জানি না আমার হাঁটু প্রস্তুত কিনা।”
