২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে দ্বিতীয় সেমিফাইনাল পিছিয়ে সোমবার

অল্প বৃষ্টিতেই পেছানো হল সিলেট রয়্যালস ও চট্টগ্রাম কিংসের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় সেমিফাইনাল। সোমবার সন্ধ্যা ছয়টায় ফাইনালে ওঠার শেষ ধাপে লড়বে দুই দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 11:55 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

বৃষ্টির কারণে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস করাই সম্ভব হয় নি। সাতটার দিকে বৃষ্টি থেমে এলে মাঠে নামে দুটি সুপার সাপার। ঘন্টা দেড়েক ধরে চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় পৌঁনে নয়টায় খেলা একদিন পিছিয়ে সোমবারে নিয়ে যাওয়া হয়।

সোমবার খেলা সম্ভব না হলে এক ওভারের ‘এলিমিনেটর’ ওভার খেলা হবে। তাও সম্ভব না হলে ফাইনালিস্ট নির্বাচিত হবে টসের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা বলেন, “ম্যাচ রেফারি এবং দুই আম্পায়ার মনে করেছেন মাঠ খেলার উপযোগী নয়। তাই খেলা পিছিয়ে দিতে হয়েছে।”

“দুই আম্পায়ারই ম্যাচ রেফারিকে জানিয়েছেন, মাঠ বেশি শুকানোর কোনো সুযোগ নেই। ফিল্ডারদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করায় তারা খেলার ছাড়পত্র দেন নি।”

গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, “আমরা আটটা পর‌্যন্ত অপেক্ষা করেছি। খেলা শুরু করা যায় নি। দুই দলের সঙ্গে আলোচনা করে ‘রেস্ট ডে’কে ‘রিজার্ভ ডে’ হিসিবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।”

“ফাইনালেও একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। মঙ্গলবার খেলা সম্ভব না হলে বুধবার খেলা হবে,” যোগ করেন তিনি।

এর আগে সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে প্রেসবক্সে মল্লিক বলেন, “রাত আটটার মধ্যে মাঠ খেলার উপযোগী না হলে সোমবার সন্ধ্যা ছয়টা খেলা শুরু হবে।”

“দুই দলের সঙ্গে বিপিএল গভার্নিং কাউন্সিলের আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অন্তত ১০ ওভার করে খেলা সম্ভব না হলে আজ (রোববার) খেলা হবে না,” যোগ করেন তিনি।

শুক্রবার ‘রেইস টু দ্য ফাইনাল’ এ সিলেটকে হারিয়ে ফাইনালে ওঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। মঙ্গলবার দ্বিতীয় আসরের ফাইনাল।

প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীকে হারিয়ে সিলেটের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে চট্টগ্রাম।