২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে বার্সার জয়

স্বাগতিক দলের বিপক্ষে পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে লোলি গ্রানাডা থেকে লা লিগার ম্যাচে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সোলোনা। শনিবারের দুই গোলের সৌজন্যে বার্সার হয়ে নিজের গোল সংখ্যাকে ৩০১ এ নিয়ে গেলেন চারাবারের বিশ্ব সেরা ফুটবলার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 05:29 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সময়ের সেরা ফুটবলার মেসি ৫০ মিনিটে আলগা বল থেকে গোল করে দলকে সমতায় নিয়ে আসেন। ৭৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিক গোল থেকে জয় নিশ্চিত করেন তিনি।

লা লিগায় ৩৭ গোল করা মেসি হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন। শেষ মিনিটে তাকে হতাশ করেন গ্রানাডার গোলরক্ষক টুনু।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের (২৩ খেলায় ৫০) সঙ্গে বার্সার (২৪ খেলায় ৬৫) ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে পনেরয়। রোববার রিয়াল ভায়াদলিদের বিপক্ষে খেলবে তারা।

চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলর ম্যাচে বুধবার এসি মিলানের বিপক্ষে তাদের মাঠে খেলবে বার্সা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (২৩ খেলায় ৪৬) চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে টিটো ভিলানোভার দল। গত আসরের চ্যাম্পিয়নরা রোববার খেলবে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোর বিপক্ষে।

ম্যাচ শেষে বার্সার সহকারী কোচ জর্ডি রোওরা বলেন, “ক্লাবের হয়ে তিনশর বেশি গোল করা একটি অসাধারণ ঘটনা। কিন্তু মেসি এটি সহজেই করে দেখিয়েছেন।”

“আমরা অনেক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারি নি। তিনি দুটি গোল পেয়েছেন যা আমাদের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি।

জাভি ও ডেভিড ভিয়াকে বাইরে রেখেই গ্রানাডার বিপক্ষ খেলতে যায় বার্সা। শুরু থেকে মাঠে ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা. জর্ডি আলবা ও কার্লোস পুয়োল।

প্রথম দুই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর আত্মঘাতী গোলে রিয়ালকে ১-০ ও দিপার্তিভো লা করুনাকে ৩-০ গোলের জয় এনে দেয়া গ্রানাডার নতুন কোচ লুকাস আলকারেজকে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিয়েছে বার্সা।

২৬ মিনিটে স্ট্রাইকার অডিয়ন ইগালো গ্রানাডাকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে বার্সা শিবিরে স্বস্তি ফেরান মেসি। এরপর তার ফ্রিকিকে টুনু হাত লাগাতে পারলেও গোল ঠেকাতে পারেন নি।

শেষ কয়েক মিনিটে বার্সার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করা গ্রানাডা সমতা সূচক পেয়েই যাচ্ছিল। কিন্তু অন্তত দুবার দলকে রক্ষা করেন গোলরক্ষক ভিক্টর ভালদেজ।