২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের প্রতি বাফুফের সতর্কবার্তা

রেফারির সঙ্গে অসদাচরণ করা ফুটবলারদের প্রতি কঠোর হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ সংক্রান্ত অপরাধে সংশ্লিষ্ট ক্লাবের পরিবর্তে খেলোয়াড়দের জরিমানা করার সুপারিশ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 03:44 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সম্প্রতি রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের স্ট্রাইকার মিঠুন চৌধুরী ও মিডফিল্ডার মামুনুল ইসলামকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারী কমিটি। গত ৯ ফেব্রুয়ারি মোহামেডানের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর মামুনুল ও মিঠুন সহকারী রেফারির দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যান ও গালিগালাজ করেন।

একই অপরাধে ব্রাদার্স ইউনিয়নের ডিফেন্ডার আবু ইউসুফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক, সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টু ও খেলোয়াড় আজমল হোসেন বিদ্যুৎ রেফারিকে মারতে উদ্যত হয়েছিলেন। ওই ঘটনায় মানিক ও সেন্টু রেহাই পেলেও বিদুৎকে সতর্ক এবং মুক্তিযোদ্ধাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সব ঘটনায় দুশ্চিন্তায় পড়ে যাওয়া বাফুফে সভাপতি শনিবার রেফারিজ কমিটির সঙ্গে সভা করেন।

সভা শেষে সালাউদ্দিন বলেন, “এখন থেকে রেফারিদের সঙ্গে অসদাচরণ করা ফুটবলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। জরিমানা শোধ না করলে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।”

“আগে জরিমানা করা হতো ক্লাবকে। কিন্তু মাঠে নিয়ম করে খেলোয়াড়রা। শাস্তি পেলে রেফারিদের সঙ্গে অসদাচরণ করতে ভয় পাবে তারা,” যোগ করেন তিনি।

বাফুফে সভাপতির অনুমতি নিয়ে শিগগিরই এই নিয়ম লিগের বাইলজে অন্তর্ভুক্ত করা হবে।

সালাহউদ্দিন রেফারিদের নির্ভয়ে বাঁশি বাজানোর আহ্বানও জানান। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা অনেক নিয়মকানুন জানেন না। আমাদের দেশের রেফারিরা অনেক কিছু অগ্রাহ্য করেন। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে বিদেশি রেফারিদের প্রায় কোনো কিছুই দৃষ্টি এড়ায় না। সেজন্য অনেক ম্যাচে আমাদের হারতেও হয়েছে।”

আন্তর্জাতিক ম্যাচে সমস্যা এড়ানোর জন্য বর্তমান খেলোয়াড়দের আগে থেকেই সতর্ক হওয়ারও আহ্বান জানান বাফুফে সভাপতি।