২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লির নৈপুণ্যে মিলানের জয়

গত মাসে ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে যোগ দেয়ার পর থেকেই দারুণ ছন্দে ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। শুক্রবার ইতালির সেরি-আয় বালোতেল্লির দুর্দান্ত এক ফ্রি-কিক পার্মার বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছে মিলানকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 03:39 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

টানা ৬ ম্যাচ অপরাজিত মিলান ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় লাৎসিওর অবস্থান চতুর্থ। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে ।

২৪ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাস আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫০।

ঘরের মাঠ সান সিরোয় ৩৯ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার গ্যাব্রিয়েল প্যালেত্তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিলান। ৭৮ মিনিটে বালোতেল্লির নিখুঁত ফ্রি-কিক জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের। মিলানের হয়ে তৃতীয় ম্যাচে এটি তার চতুর্থ গোল।

ইনজুরি সময়ে পার্মার স্ট্রাইকার নিকোলা সানসোনে একটি গোল ফিরিয়ে দিলেও মিলানের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।