শেষ মুহূর্তের গোলে মোহামেডানের রক্ষা
বৃহস্পতিবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হারতে-হারতে বেঁচে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে গোল করে বিজেএমসির সঙ্গে ড্র করেছে তারা। খেলার ফলাফল ১-১।
প্রথম লেগেও এই দুদলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত ছিল।
১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে মোহামেডান। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া বিজেএমসিও আছে পঞ্চম স্থানেই। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিরতির ঠিক আগে নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলের গোলে এগিয়ে যায় বিজেএমসি।
এই ব্যবধান ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে নাইজেরীয় মিডফিল্ডার উদে ড্যামিয়েনের ক্রস থেকে গোল করে মোহামেডানকে একটি পয়েন্ট এনে দেন ঘানার স্ট্রাইকার ওসই মরিসন।
নবম গোল করা মরিসনই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
মোহামেডান অবশ্য আরো আগেই গোল পেতে পারতো। ৩৪ মিনিটে শরিফুল ইসলামের ক্রস থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মরিসনের দুর্বল হেড তাদের গোল পেতে দেয়নি।
