২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের জয়ে রাজশাহীর হাসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২৬ রানে হারিয়েছে বরিশাল বার্নার্স। দুই দলের প্রথম দেখায় ৭ রানে হারে বরিশাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 09:44 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

এই জয়ে ১২ খেলা শেষে দুরন্ত রাজশাহী ও রংপুরে সঙ্গে বরিশালেরও পয়েন্ট দাঁড়ায় ১০। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

শনিবার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে খেলবে রাজশাহী। এর আগে রেস টু ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলবে চট্টগ্রাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করে বরিশাল। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১১৩ রান করে রংপুর।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানেই প্রথম চার ব্যাটসম্যান বিদায় নিলে রংপুরের শুরুটা মোটেও ভালো হয়নি।

পঞ্চম উইকেটে ডানজা হায়াটের সঙ্গে ক্যামেরন বোর্গাসের ৪৭ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। ৩০ বলে ৩২ রান করে বোর্গাস বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় রংপুর।

এরপর ধীমান ঘোষ ও হায়াট (২৫) দ্রুত ফিরে গেলে আর পেরে উঠেনি টুর্নামেন্টের নতুন দলটি। ১৬ বলে দুটি করে ছক্কা ও চারে গড়া কেভিন ও’ব্রায়েনের ২৯ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

২২ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার হামিদ হাসান। নাজমুল অপু ও ফারভিজ মাহরুফ দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ব্র্যাড হজের (১২ বলে ১৯) সঙ্গে অলক কাপালীর ৩২ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। পঞ্চম ওভারের চতুর্থ বলে হজের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই সাব্বির রহমান ও আজহার মেহমুদ সাজঘরের পথ ধরলে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল।

দুই অঙ্কের কোটায় পৌঁছালেও অলক (২৩ বলে ২৫) ও ফিল মাস্টার্ডের (১৯ বেল ১৮) ইনিংস খুব একটা বড় না হওয়ায় ১৫ ওভারে ৯০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে গত আসরের রানার্সআপ দলটি।

সেখান থেকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ইলিয়াস সানি ও মাহরুফের। সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে শেষ বলে বিদায় নেয়ার আগে ৩০ রান করেন সানি। তার ২০ বলের ইনিংসে ৫টি চার। ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন মাহরুফ।

২৩ রানে ৩ উইকেট নিয়ে সাজু দত্ত রংপুরের সেরা বোলার।