হকি দলের দিল্লি যাত্রা
ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে বুধবার রাতে ঢাকা ছেড়েছে জাতীয় হকি দল।
কলকাতা পর্যন্ত বিমানে গিয়ে সেখান থেকে দিল্লি যাবে দলটি।
প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য তৃতীয় রাউন্ডে অংশ নেয়ার ছাড়পত্র পাওয়া।
বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, চীন, ওমান, ফিজি ও স্বাগতিক ভারত। ১৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ২০ ফেব্রুয়ারি চীন, ২১ ফেব্রুয়ারি ওমান, ২৩ ফেব্রুয়ারি ফিজি ও ২৪ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে লড়াই।
শেষ মুহূর্তে আয়ারল্যান্ড ও চীন এই গ্রুপে যুক্ত হওয়ায় বাংলাদেশের সামনে ভীষন কঠিন পরীক্ষা। তবু তৃতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে আশাবাদী কোচ মাহবুব হারুন।
তিনি বলেন, “আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। খেলোয়াড়রাও ভাল খেলতে দৃঢ় প্রতিজ্ঞ। সব কিছু ঠিক-ঠাক হলে লক্ষ্য পূরণ হওয়া সম্ভব।”
দিল্লি রওনা দেয়ার ঠিক আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও সিটি ব্যাংককে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে হকি দল।
এই প্রতিযোগিতা উপলক্ষ্যে ইউসিবিএল ১০ লাখ ও সিটি ব্যাংক ৫ লাখ টাকা দিচ্ছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ দিচ্ছে ২ লাখ টাকা। ২৬ লাখ টাকা বাজেটের বাকি অর্থ ফেডারেশনের কোষাগার থেকে খরচ হচ্ছে।
ক্রীড়া সামগ্রী দিচ্ছে ইতালিয়ান প্রতিষ্ঠান ‘লোটো’। হকি দলের সব সদস্যের পোষাক, ব্যাগ ও জার্সি সরবরাহ করছে তারা।
