২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের পথে জুভেন্টাস

সেল্টিকের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরায় জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Feb 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ৩-০ গোলের সহজ জয়, তা-ও আবার প্রতিপক্ষ সেল্টিকের মাঠে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফা্ইনালে উত্তরণ প্রায় নিশ্চিতই বলা যায়।

মঙ্গলবার ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে জয় পেয়েছে আরেক অতিথি দল। স্পেনের ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। যদিও শেষ মুহূর্তে তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের লাল কার্ড কিছুটা হলেও ফ্রান্সের দলটির আনন্দ ফিকে করে দিয়েছে।

স্কটল্যান্ডের দল সেল্টিকের মাঠ সেল্টিক পার্কে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। প্রতিপক্ষের নাইজেরিয়ান ডিফেন্ডার এফি অ্যামব্রোসের ভুলে বল পেয়ে অতিথি দলের ডিফেন্ডার ফেদেরিকো পেলুসো পাস দেন স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রিকে। সেল্টিকের গোলরক্ষককে একা পেয়ে যাওয়া মাত্রি সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি।

প্রথমার্ধে অবশ্য আর কোনো সুযোগ পায়নি জুভেন্টাস। বিরতির আগে বেশির ভাগ সময় বলের দখল ছিল সেল্টিকের খেলোয়াড়দের পায়ে। তবে স্বাগতিকরা গোলের দেখা পায়নি।

বরং ৭৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় সেরি-আ চ্যাম্পিয়নরা। মাত্রির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ক্লদিও মার্চিসিও।

ছয় মিনিট পর মার্চিসিওর বাড়ানো বলে মির্কো ভুসিনিচের গোলে জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।

ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে অতিথিদের জয়ের নায়ক দুই আর্জেন্টাইন। দশম মিনিটে মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের পাস থেকে পিএসজিকে এগিয়ে দেন স্ট্রাইকার এজেকুইয়েল লাভেজ্জি। ৪৩ মিনিটে গোল করেন পাস্তোরে নিজেই।

৯০ মিনিটে ডিফেন্ডার আদিল রামি গোল করলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। তার দুই মিনিট পরই লাল কার্ড দেখেন ইব্রাহিমোভিচ।

৬ মার্চ ঘরের মাঠে অনুষ্ঠেয় ফিরতি লেগে তাই সুইডিশ স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। সেদিনই জুভেন্টাস স্বাগত জানাবে সেল্টিককে।