২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে তিন মিনিটের স্তব্ধতা

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে স্তব্ধতা কর্মসূচি পালিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলস ও সিলেট রয়্যালসের মধ্যকার মঙ্গলবারের প্রথম খেলা চলার সময় নীরবতা পালন করা হয়।

মঙ্গলবার বিকাল ঠিক ৪টায় এই কর্মসূচি শুরু হয়, তা চলে তিন মিনিট পর্যন্ত।

ক্রিকেটার, আম্পায়ার, বিসিবি কর্মকর্তা, দর্শক, কর্মরত সাংবাদিক, নিরাপত্তাকর্মী প্রত্যেকে কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় উপস্থিতি ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, আই এইচ মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়াসহ বিসিবির কর্মকর্তাবৃন্দ।

আন্দোলনের কেন্দ্র শাহবাগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। বিকাল ৪টা বাজার ঠিক আগ মুহূর্তে রাজধানীর সড়কে সব যানবাহন দাঁড়িয়ে পড়ে, একটি কর্মসূচিতে এই ধরনের সাড়া আগে কখনো দেখা যায়নি।

ম্যাচ শেষে খুলনার উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস বলেন, “যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে পুরো দেশ আন্দোলন করছে। ক্রিকেটাররাও এর বাইরে নই। খেলতে নামার পর আম্পয়ার যখন বললেন আমরাও তিন মিনিট নিরবতা পালন করব তখন খুব ভালো লেগেছে।”

“ক্রিকেট এ দেশের মানুষের আবেগের একটি জায়গা। আমরা এই কর্মসূচিতে অংশ নেয়ায় অন্যরা প্রেরণা পাবে এমন নয় বরং শাহবাগে যারা আন্দোলন করেছেন তারা পুরো দেশকে অনুপ্রাণিত করেছেন,” যোগ করেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক।

ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে। শাহবাগের আন্দোলেনের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।