২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার দুই দশকের অপেক্ষার অবসান

তৃতীয় বারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে নাইজেরিয়া। রোববার ফাইনালে বার্কিনা ফাসোকে ১-০ গোলে হারানোয় প্রায় দুই দশক পর মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে ‘সুপার ঈগল’ নামে পরিচিত দলটি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Feb 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এর আগে ১৯৮০ ও ১৯৯৪ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া নাইজেরিয়া এবার ফাইনালে উঠে তৃতীয়র বৃত্ত ভেঙ্গে (গত এক যুগে ছয়টি আসরের মধ্যে চার বার তৃতীয় হয়েছিল তারা) বেরিয়ে এসেছিল আগেই। চূড়ান্ত লড়াইয়ে তাদের অগ্রযাত্রা থামাতে পারেনি এবারের প্রতিযোগিতার অন্যতম চমক বার্কিনা ফাসো।

চ্যাম্পিয়ন হওয়ায় আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় কনফেডারেশন্স কাপে অংশ নেয়ার সুযোগ পাবে নাইজেরিয়া।

জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নায়ক মিডফিল্ডার সানডে এমবা। ৪০ মিনিটে দুর্দান্ত এক ভলি থেকে ম্যাচের একমাত্র গোলটি তারই।

দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি প্রথম বারের মতো প্রতিযোগিতার ফাইনালে ওঠা বার্কিনা ফাসো।

নাইজেরীয়দের শিরোপা-উল্লাসে যোগ হয়েছে একটি ব্যক্তিগত সাফল্যও। প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কোচ-খেলোয়াড় দুই ভূমিকাতেই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন স্টিফেন কেশি। ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন হওয়া নাইজেরিয়ার অধিনায়ক ছিলেন তিনি।

উচ্ছ্বসিত কেশি বলেন, “এই শিরোপা জয় আমাদের জাতির জন্য। দেড় বছর আগে কোচের দায়িত্ব নেয়ার সময় আমার লক্ষ্যই ছিল দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দেয়া।”

প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বার্কিনা ফাসোর ফরোয়ার্ড জোনাথন পিত্রোইপা। চারটি করে গোল নিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ার স্ট্রাইকার এমানুয়েল এমেনিকে ও ঘানার মিডফিল্ডার ওয়াকাসো মুবারক।