বোল্টের আক্ষেপ জাগানো জয়
২০১৩ সালের প্রথম দৌড়ে জয় পেলেও টাইমিং তেমন ভালো হয়নি উসাইন বোল্টের।
ক্যাম্পারডাউন ক্লাসিকে ৪০০ মিটারের হিটে জিতলেও বিশ্বের দ্রুততম মানব সময় নিয়েছেন ৪৬.৭১ সেকেন্ড। মাইকেল জনসনের বিশ্ব রেকর্ডের (৪৩.১৮ সেকেন্ড) চেয়ে যা অনেক বেশি।
৪০০ মিটারের অন্য হিটে ৪৬.২৩ সেকেন্ড সময় নিয়েছেন লন্ডন অলিম্পিকে ২০০ মিটারে ব্রোঞ্জ জয়ী এবং বোল্টের প্রশিক্ষণ-সঙ্গী ওয়ারেন ওয়েইয়ার।
আরেক জ্যামাইকান, অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে রুপা জয়ী ইয়োহান ব্লেকের টাইমিংও ভালো হয়নি। তিনি সময় নিয়েছেন ৪৬.৭৭ সেকেন্ড।
এই প্রতিযোগিতার কোনো ফাইনাল হয় না। নিজেদের ফিটনেস পরীক্ষার জন্যই এখানে অংশ নেন প্রতিযোগীরা।
টাইমিং ভালো না হলেও হতাশ নন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ী বোল্ট। তিনি বলেন, “আমি কিছুটা নার্ভাস ছিলাম। আমি এখানে জিততে এসেছিলাম। চোটকে জয় করতে পেরে আমি খুশি।”
“টাইমিং খারাপ হলেও আমি সন্তুষ্ট। এখন মৌসুমের বাকি সময়ের দিকে আমি তাকিয়ে আছি,” যোগ করেন এই স্প্রিন্ট-কিংবদন্তি।
