চ্যালেঞ্জ কাপে হয়তো নেই দুই কোচ
কয়েকটি নতুন শর্ত দেয়ায় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার এএফসি চ্যালেঞ্জ কাপের আগে না-ও আসতে পারেন ঢাকায়।
আগামী ২ মার্চ থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নেবে জাতীয় ফুটবল দল। চুক্তির মেয়াদ জুন থেকে শুরু হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুরোধে সাড়া দিয়ে এই প্রতিযোগিতার আগে জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছিলেন প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। কিন্তু তাদের কয়েকটি শর্তের কারণে আপাতত এই সম্ভাবনা অনুজ্জ্বল।
১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দুই ডাচ কোচের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শনিবার রাতে তারা কয়েকটি শর্ত দিয়েছেন বাফুফেকে।
চ্যালেঞ্জ কাপের আগে ১২ দিন কাজ করলেও পুরো এক মাসের বেতন ও বোনাসের দাবি জানিয়েছেন তারা এবং এই বেতন-বোনাসের অর্ধেকটা পাঠাতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে। তাদের আরেকটি দাবি, চ্যালেঞ্জ কাপের জন্য যে চুক্তি হবে, তা চাইলে দুই কোচ বাতিল করতে পারলেও বাফুফের সেই অধিকার থাকবে না।
আরো দুটি দাবি বা শর্তের একটি হলো, চ্যালেঞ্জ কাপের আগে ডি ক্রুইফ না এলে কোস্টার আসবেন, আর কোস্টার না এলে অন্য কাউকে পাঠাবেন তাদের এজেন্ট। ডি ক্রুইফ-কোস্টারের আয়করও শোধ করতে হবে বাফুফেকে।
স্বাভাবিকভাবেই এ নিয়ে ক্ষুব্ধ বাফুফে সভাপতি। তিনি বলেন, “কাজ শুরু করার আগেই এ ধরনের জটিলতা তৈরি হলে তাদের সঙ্গে মূল চুক্তি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।”
“এক মাসের বেতন দিতে আমাদের সমস্যা নেই। অন্যান্য আর্থিক দাবি মেনে নিতেও সমস্যা নেই। কিন্তু তাদের দেয়া কয়েকটি শর্ত মেনে নেয়া কঠিন। কিছু-কিছু শর্ত তো আমাদের বিস্মিতই করেছে,” যোগ করেন সালাউদ্দিন।
গত ১১ জানুয়ারি ডি ক্রুইফ ও কোস্টারের সঙ্গে বাফুফের সমঝোতা চুক্তি হয়। তবে মূল চুক্তি আজো হয়নি।
২৫ ফেব্রুয়ারি ফুটবল দলের কাঠমান্ডু রওনা হওয়ার কথা।
