ফরাশগঞ্জ-চট্টগ্রাম আবাহনীর লড়াই দিয়ে শুরু চ্যাম্পিয়নশিপ লিগ
সোমবার থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।
সোমবার বিকেল ৪টায় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার লিগের উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ ও লিগের স্পন্সর প্রিমিয়ার ব্যাংকের পরিচালক মইন ইকবাল।
প্রিমিয়ার ব্যাংকের দেয়া ২০ লাখ টাকার পুরোটাই লিগে অংশ নেয়া দলগুলোকে দেয়া হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গত আসর থেকে অবনমিত ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ এমএফএস সহ এবারের লিগে ৮টি দল অংশ নেবে।
গতবারের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে কোনো দলের অবনমন হয়নি। তবে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, এবারের লিগে অবনমনের নিয়ম রাখা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এবারের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দলের অবনমন হবে। আর শিরোপা জয়ী দল উঠবে প্রিমিয়ার লিগে।”
