সাঁতার ফেডারেশনের নির্বাচন নিয়ে জটিলতা
সাঁতার সংগঠক আমিনুল ইসলাম লিটনের দায়ের করা মামলার কারণে সাঁতার ফেডারেশনের নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
মামলা দায়ের হওয়ায় মঙ্গলবার এই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করা প্যানেলকে প্রাথমিক ভাবে নির্বাচিত ঘোষণা করতে পারবে না জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন।
গত বছরের ৩০ অগাস্ট জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনের মাধ্যমে সাঁতার ফেডারেশনের কাউন্সিলর তালিকা প্রকাশ করা হয়।
তবে এই প্রজ্ঞাপনকে ‘অবৈধ ও মিথ্যা’ দাবি করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আমিনুল ইসলাম লিটন গত ৭ ফেব্রুয়ারি ঢাকা জেলা আদালতে মামলা দায়ের করেন।
রোববার মামলার শুনানি শেষে জাতীয় ক্রীড়া পরিষদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ঢাকা জেলা আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ । তিন দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে আমিনুল ইসলাম লিটন বলেন, “সিরাজগঞ্জের কাউন্সিলর হিসেবে ২০০৮ সালের নির্বাচনে আমি বিজয়ী হয়েছিলাম। এখনো আমি সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। কিন্তু একটি মিথ্যা প্রজ্ঞাপন জারি করে আমার মতো অনেক সাঁতার সংগঠককে বাদ দিয়ে একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তাই আমি এই মামলা দায়ের করেছি।”
১৮ ফেব্রুয়ারি সাঁতার ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা।
