২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে ফুটবল কর্মকর্তাদের সংহতি

শাহবাগে আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণসমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরে শনিবার রাতে বাফুফে সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য কাজী সালাউদ্দিনের নেতৃত্বে শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ তারা যান।

বাফুফে সভাপতির সঙ্গে ছিলেন স্বাধীনবাংলা ফুটবল দলের ব্যবস্থাপক তানভীর মাজহার তান্না, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফের মহিলা ফুটবল কমিটির সহ-সভাপতি মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য ফজলুর রহমান বাবুল।

তাদের করতালি দিয়ে অভিবাদন জানান কয়েক হাজার ছাত্র-জনতা।

এ সময় সালাউদ্দিন বলেন, “আমি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানাই। আর তাই এই আন্দোলনে যোগ দেয়াকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি।”

“এখানে আসার জন্য মনের ভেতর থেকে এক ধরণের তাগিদ অনুভব করছিলাম। কিন্তু দেশের বাইরে থাকায় আগে আসতে পারিনি,” যোগ করেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।