অ্যামেচার গলফে সুদৃঢ় অবস্থানে করণ
রানার গ্রুপ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় রাউন্ড শেষে ভারতের উদীয়মান গলফার করণ তাউঙ্ক তাঁর অবস্থান সুদৃঢ় করেছে। শুক্রবার করণ পারের চেয়ে ২ স্ট্রোক কম (৭০) খেলে শীর্ষে উঠেযান। তিন রাউন্ডে তার স্কোর যথাক্রমে ৭০ + ৬৯ + ৭০ = ২০৯।
বাংলাদেশের মোহাম্মদ নাজিম পারের চেয়ে ৪ স্ট্রোক কম খেলে (৬৮) দ্বিতীয় এবং সজিব আলী ৩ স্ট্রোক বেশী (৭৫) খেলে তৃতীয় স্থানে রয়েছেন।
তিন রাউন্ডে নাজিমের স্কোর (৭২ + ৭২ + ৬৮ = ২১২) পারের চেয়ে ৪ স্ট্রোক কম। সজিবের স্কোর (৭২ + ৬৭ + ৭৫ = ২১৪) পারের চেয়ে ২ স্ট্রোক কম।
মহিলা এককের প্রথম রাউন্ড শেষে বাংলাদেশের নাসিমা আখতার শিবা পারের চেয়ে ২ স্ট্রোক বেশী (৭৪ স্ট্রোক) খেলে প্রথম স্থানে রয়েছেন। পারের চেয়ে ৬ স্ট্রোক বেশী (৭৮ স্ট্রোক) খেলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশী অরণী।
দলগত ইভেন্টে বাংলাদেশের নাসিমা আখতার শিবা এবং অরণী মিলে গঠিত ‘এ’ দল (৭৪ + ৭৮) ১৫২ স্কোর করে শীর্ষে রয়েছেন। একই দলের ফাতেমা মতিউর ও লুনা সরকারের সমন্বয়ে গঠিত ‘বি’ দল (৯০ + ৮৭) ১৭৭ স্কোর করে দ্বিতীয় স্থানে আছেন।
নাশমিয়া শুখেরা এবং গাজালা ইয়াসমিনের সমন্বয়ে গঠিত পাকিস্তান দল (৯৪ + ৮৮) ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
