২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে রুখে দিয়েছে ব্রাদার্স

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

দিনের অন্য ম্যাচে বিজেএমসি ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। নাইজেরীয় মিডফিল্ডার আজাগুন আব্দুর রশিদের জোড়া গোলে এই জয় পায় তারা।

ম্যাচের ১২ ও ১৪ মিনিটে তিনি দুটি গোল করেন রশিদ। আর ৭৫ মিনিটে সকার ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন আমিনুর রহমান সজীব।

আবাহনী এই ড্রয়েও পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ১১ ম্যাচ শেষে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ২৪ পয়েন্ট। আর ব্রাদার্স সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

ম্যাচে ৬ মিনিটেই এগিয়ে যায় নীল-আকাশী শিবির। মিডফিল্ডার আব্দুল বাতেন কমলের ব্যাকপাস থেকে বল পেয়ে ক্যামেরুনের মিডফিল্ডার ইউকো সাম্বনিকের পুশে নাইজেরীয় লাকি পল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন (১-০)।

অল্প কিছুক্ষনের মধ্যে গোলটি শোধ করে ফেলে ব্রাদার্স। ব্রাজিলীয় স্ট্রাইকার গ্যারিকা অ্যান্ডারসনের আচমকা শট আবাহনী গোলরক্ষক শহিদুর রহমান সোহেল ফিরিয়ে দেয়, ফিরতি বলে নাইজেরীয় স্ট্রাইকার অ্যাডামস জাঙ্কাসা আলতো পুশে জালে জড়ায় বল (১-১)।

গোলটি সমতা এনে ব্রাদার্স আরও উজ্জীবিত হয়ে ওঠে। তাই এগিয়ে যাওয়ার অনেকগুলো সুযোগ পেয়ে যায় তারা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি একটিও।

আবাহনীরও চেষ্টা কম ছিল না ম্যাচে এগিয়ে যেতে। তাদের দারুণ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করে দিয়েছেন ব্রাদার্স ডিফেন্ডাররা।