এককেও নাদালের জয় দিয়ে ফেরা
দ্বৈতের পর এককেও জয় দিয়ে ফিরলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। চিলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।
গত জুনে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর চোটের কারণে এতদিন কোর্টের বাইরে ছিলেন ১১ টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। এই প্রতিযোগিতা দিয়েই প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন তিনি।
আগের দিন আর্জেন্টিনার হুয়ান মোনাকোর সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে জয় পেয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এককেও জয় পেয়ে দারুণ খুশি নাদাল।
খেলা শেষে তিনি বলেন, “এককের লড়াইয়ে আবার ফিরতে পেরে খুব ভালো লাগছে। দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুটা কঠিন ছিল। দেলবোনিস খুব ভালো খেলেছে। আমাকে অনেক দৌড় করিয়েছে। আমি খুশি যে হাঁটু ভালোভাবে সাড়া দিচ্ছে।”
এরপর গ্যালারিতে উপস্থিত ভক্তদের উদ্দেশে ‘রাফা’ নামে পরিচিত নাদাল বলেন, “আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের মাঝে এমন আনন্দময় পরিবেশে ফেরার কথা আমি স্বপ্নেও ভাবিনি।”
