সোমবার থেকে চ্যাম্পিয়নশিপ লিগ
পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে সোমবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও ফরাশগঞ্জ স্পোর্র্টিং ক্লাব।
চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জয়ী দল খেলবে পেশাদার লিগের প্রথম স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে।
এই প্রতিযোগিতায় গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কক্সসিটি এসসি এবারের প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু লিগ শুরু হওয়ার ঠিক আগে সরে দাঁড়ানোয় তাদেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত প্রিমিয়ার লিগ থেকে অবনমিত ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ এমএফএস এবারের চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে।
ফরাশগঞ্জ, রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী ছাড়া প্রতিযোগিতার অন্য চারটি দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা।
