২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে নীলফামারী ও রংপুরের সাফল্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে নীলফামারীর দক্ষিণ দোনদারি কেরানিপাড়া রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতেছে।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার প্রতিযোগিতাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে দক্ষিণ দোনদারি বিদ্যালয় টাইব্রেকারের সাডেন ডেথে ১০-৯ গোলে কক্সবাজারের মেহেরিয়াপাড়া রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয়কে হারিয়েছে।

নির্ধারিত ৭০ ও অতিরিক্ত ২০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম পাঁচ শটেও ৪-৪ সমতা ছিল।

একটি হ্যাটট্রিকসহ ৮ গোল নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন দলের পারভেজ মন্ডল।

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সিলেটের নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়েছে গত আসরের রানার্সআপ পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিন গোলের দুটোই রোকসানার, অন্যটি অধিনায়ক স্বপ্নার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পরপর তিন বছর অত্যন্ত সফলভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজিত হল। খেলাধূলায় ছাত্রীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বঙ্গমাতা টুর্নামেন্টও দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্ট দুটো দেশজুড়ে সাড়া জাগিয়েছে।”

“দেশের প্রতিটি শিশুকে আমরা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি, এখান থেকেই একদিন এমন খেলোয়াড় বেরিয়ে আসবে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে,” যোগ করেন তিনি।

শিরোপা জয়ীদের স্মারক ট্রফি ছাড়াও ১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। রানার্স আপ দল পায় ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার।

দুটি প্রতিযোগিতায় প্রায় ৬১ হাজার বিদ্যালয় ও সাড়ে ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।