২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জার্মানির ‘ফ্রান্স’ জয়

প্রায় ২৬ বছর পর ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে জার্মানি। এক প্রীতি ম্যাচে ফরাসীদের ২-১ গোলে হারিয়েছে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Feb 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বুধবার রাতে প্রীতি ম্যাচে জিতেছে স্পেনও। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।

তবে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোনালদো গোল করলেও ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা।

ইউরোপের অন্য দুই পরাশক্তি ইতালি ও নেদারল্যান্ডস অবশ্য কেউ কাউকে হারাতে পারেনি। ড্র করেছে ১-১ গোলে।

প্যারিসের স্তাদে দি ফ্রান্সে ৩৩ মিনিটে ম্যাথিউ ভালবুয়েনার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে ৫১ মিনিটে টমাস মুলারের লক্ষ্যভেদে সমতায় ফেরে জার্মানি।

৭৪ মিনিটে জার্মানদের জয়সূচক গোলদাতা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার স্যামি খেদিরা।

কাতারের দোহায় ১৬ মিনিটে সেস ফ্যাব্রেগাসের গোলে পিছিয়ে পড়া উরুগুয়েকে ৩১ মিনিটে সমতায় ফেরান ক্রিস্টিয়ান রদ্রিগেজ। তবে ৫১ ও ৭৪ মিনিটে পেদ্রোর জোড়া গোল সহজ জয় এনে দেয় স্পেনকে।

আমস্টারডামে ৩৩ মিনিটে স্বাগতিক নেদারল্যান্ডসের স্ট্রাইকার জেরেমেইন লেন্সের গোলে পিছিয়ে পড়ে ইতালি। শেষ মুহূর্তে বদলি মিডফিল্ডার মার্কো ভেরাত্তির লক্ষ্যভেদ পরাজয় থেকে রক্ষা করে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।