খেলার মাঠ থেকে সংহতি সাংবাদিকদের
কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রীড়া সাংবাদিকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকরা প্রেস বক্সের উপরে ‘কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ শ্লোগান লেখা ব্যানার লাগিয়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
রায় প্রত্যাখ্যান করে ওই দিন রাতেই কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যক্টিভিস্ট ফোরাম নামের একটি সংগঠন। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। তখন থেকে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে হাজারো ছাত্র-জনতা।
কালেরকণ্ঠের জেষ্ঠ প্রতিবেদক সাঈদুজ্জামান বিডিনিউজকে বলেন, “কাজের প্রয়োজনে আমরা সবাই এখানে আছি। চাইলেও এই সময়ে আমরা শাহবাগ যেতে পারছি না। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে তাতে আমাদের সমর্থন জানাচ্ছি।”
সকালের খবরের ডেপুটি স্পোর্টস এডিটর আরিফুর রহমান বাবু বলেন, “পেশাজীবী সাংবাদিকের আগে আমরা এ দেশের নাগরিক। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি এই প্রজন্মের দাবি। তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।”
“শুধু বাচ্চু রাজাকার, কাদের মোল্লার ফাঁসি নয়, চিহ্নিত সব যুদ্ধাপরাধীর বিচার করতে হবে, এটা এখন সবার দাবি,” যোগ করেন তিনি।
