সুইডেনকে সহজেই হারালো আর্জেন্টিনা
টানা চারবারের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি গোলে না পেলেও সুইডেনের বিপক্ষে সহজেই জিতেছে আর্জেন্টিনা।
বুধবার প্রীতি ম্যাচে সুইডেনের সোলনার ফ্রেন্ডস অ্যারেনায় স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গঞ্জালো হিগুয়াইনের জোরালো শট মিখায়েল লাস্টিগের পা লেগে জালে জড়ালে হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের।
জোনাস ওলসুনের সৌজন্যে ১৭ মিনিটে সমতা ফেরায় সুইডেন। কিন্তু পরের ছয় মিনিটে সার্জিও আগুয়েরো ও হিগুয়াইনের দুই গোলে ৩-১ গোলে এগিয়ে যায় আলেহান্দ্রো সাবেইয়াইর শিষ্যরা।
খেলার অতিরিক্ত সময়ে রাসমোস এলমের গোলে ব্যবধান কমায় সুইডেন।
গোল না পেলেও আর্জেন্টিনা অধিনায়ক মেসি পুরো ম্যাচে সুইডেনের রক্ষণভাগে ভীতি ছড়িয়েছেন।
অন্য দিকে সুইডেনের সেরা খেলোয়াড় জ্লাতান ইমব্রাহিমোভিচ অনেকটাই নিষ্প্রভ ছিলেন। দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন হামরান। তার বদলি ম্যাথিয়াস রেনেগি নামার পর সুইডেন গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করে।
ম্যাচ শেষে আগুয়েরো বলেন, “আমরা দ্রুত গোল করতে পেরেছি এবং বলকে ভালো ভাবেই নিয়ন্ত্রন করতে পেরেছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো খেলার চেষ্টার করে যাওয়া এবং জেতা।”
মিডফিল্ডার জ্যাভিয়ার মাসচেরানো বলেন, “আমরা ভালো খেলেছি। শেষ গোলটায় হতাশ। ঐ গোল ব্যবধান কমিয়েছে নয়তো আরো বড় ব্যবধানেই জিততে পারতাম।”
হারের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সুইডেনের কোচ এরিক হামরান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা প্রত্যাশিতভাবেই ভালো খেলেছে। তাদের অনেক কুশলী ফুটবলার রয়েছে, দল হিসেবেও দক্ষ।”
“প্রতি আক্রমণাত্মক ফুটবলার খেলার কৌশল না নিয়ে আমরা তাদের মোকাবেলা করার চেষ্টা করেছি। এতো বেশি কুশলী খেলোয়াড় সমৃদ্ধ দলের বিপক্ষে খেলতে গেলে বল হারালে যে শাস্তি পেতে হয় প্রথম গোলটির ক্ষেত্রে ঠিক তাই হয়েছে,” যোগ করেন তিনি।
শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট হামরান বলেন, “ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।”
২২ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে সুইডেন। একই দিন বুয়েন্স আয়ার্সে ভেনিজুয়েলাকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা।
