২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদিনিয়োর ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ব্রাজিলের হার

ব্রাজিল ফুটবল দলে লুই ফেলিপ স্কলারি ও রোনালদিনিয়ো জুটির ফেরাটা হার দিয়েই শুরু হলো। বুধবার এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 04:37 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

রোনালদিনিয়োর ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ব্রাজিলের হার ব্রাজিল ফুটবল দলে লুই ফেলিপ স্কলারি ও রোনালদিনিয়ো জুটির ফেরাটা হার দিয়েই শুরু হলো।

বুধবার এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন প্রায় এক বছর পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরা রোনালদিনিয়ো।

দুই বারের বিশ্ব সেরা ফুবলার এবং ২০০২ সালে ‘বিগ ফিলে’র অধীনেই বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা সমৃদ্ধ রোনালদিনিয়ো ফেরার ম্যাচে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, ঠিক যার জন্য অনেক সমালোচনার পরও তাকে দলে ফিরিয়েছিলেন ব্রাজিল কোচ স্কলারি।

ওয়েম্বলিতে ১৯ মিনিটে রোনালদিনিয়োর শটটি আটকে দেন ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। পেনাল্টির ফিরতি শটেও গোল করতে না পারা ৩২ বছর বয়সী এই খেলোয়াড় প্রথমার্ধে আরো অন্তত একটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে তারকা এই খেলোয়াড়কে আর মাঠেই নামাননি স্কলারি।

১৯৯০ সালের পর ব্রাজিলের বিপক্ষে এটা ইংল্যান্ডের প্রথম জয়। ২৭ মিনিটে ওয়েন রুনি দৃষ্টিনন্দন গোল করে এগিয়ে নেন ইংল্যান্ডকে। জাতীয় দলের হয়ে এটা রুনির ৩৩তম গোল।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে বদলি খেলোয়াড় ফ্রেড গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান।

৬০ মিনিটে অ্যাশলি কোলের চমৎকার পাস থেকে গোল করে স্টেডিয়ামের ৮৭ হাজার দর্শককে আনন্দে ভাসিয়ে দেন ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। এরপর প্রাণপন চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল।

দ্বিতীয় বারের মতো কোচ হওয়ার পর লুই ফেলিপে স্কলারির অধীনে এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ। এতে দল হেরে গেলেও খুব একটা হতাশ নন স্কলারি।

তিনি বলেন, “যখন আমি কুয়েতে কোচ ছিলাম প্রথম ম্যাচে দল হেরেছিলো। যখন ব্রাজিলের কোচ ছিলাম তখনও প্রথম ম্যাচে হেরে গিয়েছিলাম। এমনকি যখন পর্তুগালের কোচ ছিলাম তখনও প্রথম ম্যাচে হেরেছিলাম। কিন্তু সবসময়ই শেষ পর্যন্ত আমি সফলই হয়েছিলাম।”

এর আগে স্কলারির প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ঠিক একই রকম ব্যর্থ হয়েছিলেন রোমারিও। দেশের অন্যতম সেরা সেই স্ট্রাইকারকে আর কোনো সুযোগ দেন নি স্কলারি। তবে প্রিয় শিষ্য রোনালদিনিয়োকে আবারো সুযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “চলতি বছরে গত সপ্তাহেই কেবল প্রথম বারের মতো পুরো ৯০ মিনিট খেলতে পেরেছে। সুতরাং এটা বোধগম্য তার কাম্য পরিস্থিতিতে তিনি এখনো পুরোপুরি থাকবেন না।”

“কিন্তু তিনি যদি স্বাভাবিকভাবে চেষ্টা করে যেতে থাকেন তিনি সহজেই পরের স্কোয়াডে থাকবেন,” যোগ করেন তিনি।

এদিন অন্যান্য প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে সুইডেনকে, জার্মানি ২-১ গোলে ফ্রান্সকে, পর্তুগাল ২-০ গোলে ইকুয়েডরকে, স্পেন ৩-১ গোলে উরুগুয়েকে হারিয়েছে।