নাদালের সফল প্রত্যাবর্তন
প্রায় সাত মাস পর জয় দিয়ে কোর্টে ফিরেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।
চিলিয়ান ওপেনের দ্বৈতে তিনি আর্জেন্টিনার হুয়ান মোনাকোর সঙ্গে জুটি বেঁধে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের ফ্রান্তিসেক সের্মাক-লুকাস দ্লুহি জুটিকে।
চোট কাটিয়ে ফিরতে পেরে দারুণ খুশি ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোর্টে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এখন দেখতে হবে আমার হাঁটু চাপ নিতে পারে কিনা। এই মুহূর্ত এবং এই কোর্ট (মাটির কোর্ট) দুটোই আমার জন্য সঠিক। আর এই দেশে (চিলি) প্রথম বারের মতো খেলতে পারাও দারুণ ব্যাপার।”
“তবে দ্বৈত ম্যাচ তুলনামূলকভাবে কম আক্রমণাত্মক। তাই এখন দেখতে হবে আগামীকাল (বুধবার) এককে আমি কেমন খেলি,” যোগ করেন নাদাল।
এককে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাওয়া নাদালের প্রতিপক্ষ আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস।
গত জুনে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলের কাছে হেরে যাওয়ার পর হাঁটুর চোটের কারণে বছরের বাকি সময়ে আর কোর্টে ফিরতে পারেননি নাদাল। এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন তিনি।
