বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বৃহস্পতিবার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা ১২টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের এবং বেলা আড়াইটায় বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা গোল্ডকাপের ফাইনাল খেলা হবে।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলবে নীলফামারীর গঙ্গাচরা থানার দক্ষিণ দোনদারি কোরানীপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজারের মেহেরিয়াপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপার লড়াইয়ে রংপুরের সদর থানার পালিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে সিলেটের জৈন্তাপুরের নিশ্চিতপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬০ হাজার ৭৭৬টি বিদ্যালয়ের ১০ লাখ ৩৪ হাজার ৯২৬ জন খেলোয়াড় অংশ নেয়। আর বঙ্গমাতা গোল্ডকাপে ৫৯ হাজার সাতশ বিদ্যালয়ের ১০ লাখ ৩৩ হাজার ৬১৭ জন খেলোয়াড় অংশ নেয়।
গত ৬ জানুয়ারি ফাইনাল খেলা হওয়ার কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারণে তা স্থগিত করা হয়েছিল।
