মাশরাফি-সাকিবকে নিয়ে শীর্ষে ফিরল ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সকে খুব সহজেই ৮৯ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
এই জয়ে আট খেলায় ১২ পয়েন্ট নিয়ে রান রেটে সিলেট রয়্যালসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ঢাকা। অন্য দিকে সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে রংপুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২১৭ রান করে ঢাকা। বিপিএল এটি সর্বোচ্চ রান। গত মাসে চট্টগ্রামে বরিশালের বিপক্ষে ৬ উইকেটে ২১৩ রান করে রাজশাহী। চলতি মৌসুমে এটি ঢাকার তৃতীয় দ্বি-শতক।
জবাবে ১২৯ রানেই অলআউট হয়ে যায় রংপুরের ইনিংস। চোটের কারণে রংপুরের শেষ ব্যাটসম্যান ফিদেল এডওয়ার্ডস ব্যাট করেন নি। দুই দলের প্রথম দেখায়ও ৩৫ রানে জেতে ঢাকা। বিপিএলে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে গত বছর সিলেটের কাছে ৬৯ রানে হারে খুলনা রয়েল বেঙ্গলস।
ব্যাট করতে নেমে ৩৮ রানেই মোহাম্মদ আশরাফুল (১৪) ও বিপিএল অভিষিক্ত তিলকারত্নে দিলশানের (১৮) বিদায়ে ঢাকার শুরুটা ভালো হয়নি।
চোট কাটিয়ে দুই ম্যাচ পর ফেরা সাকিব আল হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে গত আসরের চ্যাম্পিয়নরা। তৃতীয় উইকেটে ৭ ওভার ২ বলে এনামুল হক বিজয়ের সঙ্গে তার ৮২ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
মুরাদ খানের বলে নাসির হোসেনের ক্যাচে পরিণত হওয়ার আগে ৪২ রান করেন সাকিব। তার ২৪ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। চতুর্থ উইকেটে ড্যারেন স্টিভেন্সের সঙ্গে ৫৭ রানের আরেকটি চমৎকার জুটি দলকে উপহার দেন এনামুল।
উনিশতম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরার আগে ৮৩ রান করেন এনামুল। তার ৪৬ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ। ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ রানে অপরাজিত থাকা স্টিভেন্সের সৌজন্যে দুশ পেরুয় ঢাকা।
রংপুরের পক্ষে মুরাদ খান ২৯ রানে ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে মাশরাফি বিন মুর্তজা আর সাকিবের মারাত্মক বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি রংপুর।
প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় গেলেও ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় টুর্নামেন্টের নতুন দলটি। এরপর খেলার ফলাফল নিয়ে আর কোনো অনিশ্চিয়তা ছিল না। ধীমান ঘোষের অপরাজিত ৩৬ ও মোহাম্মদ শরীফে ২১ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমায় রংপুর।
১৯ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার সাকিব।
