দক্ষিণ আফ্রিকার দুঃখজনক বিদায়
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙ্গে দিয়ে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে মালি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলের অমীমাংসার পর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে জিতেছে তারা।
অন্য কোয়ার্টার ফাইনালে ঘানা ২-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দেকে।
আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মালি খেলবে আইভরি কোস্ট অথবা নাইজেরিয়ার বিপক্ষে। সেদিনই পরের সেমিফাইনালে ঘানার প্রতিপক্ষ বার্কিনা ফাসো বা টোগো।
ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ৩১ মিনিটের সময় এগিয়ে দেন স্ট্রাইকার টোকেলো র্যান্টি।
৫৮ মিনিটে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার সেইডু কেইটা সমতায় ফেরান মালিকে।
এরপর আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটেও জয়-পরাজয়ের ভাগ্য নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারের সামনে দাঁড়াতে হয় দুই দলকে। আর তাতে জিতে জয়োল্লাসে মেতে ওঠে মালি।
পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে মিডফিল্ডার ওয়াকাসো মুবারকের পেনাল্টি গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন ঘানা।
শেষ বাঁশির ঠিক আগে প্রথম বারের মতো অংশ নিয়েই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া কেপ ভার্দের পরাজয় নিশ্চিত করা গোলটিও মুবারকের।
