রোনালদোর গোলে রিয়ালের হার!
একের পর এক গোল করে দলকে জেতানো ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই এবার হতাশাজনক এক হারের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় শনিবার রোনালদোর আত্মঘাতী গোলে গ্রানাদার কাছে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই জোসে মরিনিয়োর দল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এরই মধ্যে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা। রোববার এই ব্যবধান ১৮তে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে লিওনেল মেসির দল।
২১ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বার্সেলোনা। সমান খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২২ খেলায় ৪৩ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ তিন নম্বরে।
প্রতিপক্ষের মাঠে খেলার ২২ মিনিটে অঘটনটি ঘটান রোনালদো। নিজেদের অর্ধ্বে কর্নার কিক থেকে উড়ে আসা একটি বল বিপদমুক্ত করতে লাফিয়ে ওঠেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। কিন্তু দুর্ভাগ্যবশত বল নিজেদের জালেই জড়িয়ে যায়।
এই মৌসুমে লিগে ২১ গোল করা রোনালদোর এটি প্রথম আত্মঘাতী গোল। বাকি সময়ে আপ্রাণ চেষ্টা করেও গ্রানাদার রক্ষণভাগ ভাঙ্গতে রিয়াল। তাই এবারের লা লিগায় পঞ্চম হারের লজ্জায় পড়তে হয় তাদের।
খেলা শেষে এই হারের দায় নিজের কাঁধে নিয়ে মরিনিয়ো বলেন, “আমরা খারাপ খেলেছি। ফলাফলটা আমার জন্য অস্বস্তিকর। প্রথমার্ধ ছিলো ভয়ঙ্কর। যদিও দ্বিতীয়ার্ধে আমরা অনেকটা গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু তা যথেষ্ট ছিলো না।
