হকিতে সাবেক তারকাদের সম্মাননা
৪০ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার হকি ফেডারেশনে বসেছিল তারার মেলা। আগের দিন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে কেক কেটে উৎসবের সূচনা করেছিলেন। শনিবারের প্রধান আকর্ষণ ছিল সাবেক তারকাদের সম্মাননা জানানো।
বাংলাদেশের হকির জীবন্ত কিংবদন্তি আব্দুস সাদেক, জুম্মন লুসাইদের সঙ্গে এই সময়ের তারকা জিমি, মিমো, জাহিদদের উপস্থিতি তৈরি করে উৎসবের ভিন্ন আমেজ।
সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের শুরু। ওসমানী মিলনায়তন থেকে শুরু হয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শেষ হয় র্যালিটি।
এরপর সাবেক তারকা খেলোয়াড় ও কোচদের সম্মাননা জানায় ফেডারেশন। ঘরোয়া হকিতে অসাধারণ অবদানের জন্য সম্মাননা জানানো হয় সাবেক তারকা খেলোয়াড় খাজা ইউসুফ রেজা, বশির আহমেদ, আব্দুস সাদেক, জামাল হায়দার ও জুম্মন লুসাইকে।
কোচদের মধ্যে বিশেষ সম্মাননা পান নুরুল ইসলাম নান্না (মরণোত্তর), আব্দুস সালাম (মরণোত্তর), প্রতাপ শংকর হাজরা, এহতেশাম সুলতান ও আব্দুর রাজ্জাক।
এই উৎসবে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আব্দুস সাদেক।
তিনি বলেন, “এটা অসাধারণ এক আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুনদের সঙ্গে পুরনোদের সেতুবন্ধন তৈরি হলো। আমার জন্যও এটা দারুণ এক অভিজ্ঞতা। অতীতের খেলোয়াড়দের সম্মাননা ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভালো দৃষ্টান্ত স্থাপন করলো হকি ফেডারেশন।”
সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন জুম্মন লুসাইও। যদিও রাষ্ট্রীয় পুরস্কার না পাওয়ার আক্ষেপ ছিল বাংলাদেশের হকি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের কণ্ঠে।
তিনি বলেন, “হকি ফেডারেশন আমাদের সম্মাননা দেয়ায় খুবই ভালো লাগছে। কিন্তু একটা আক্ষেপ থেকেই যাচ্ছে। একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্ব হকি একাদশের হয়ে খেললেও এখনো আমি কোনো রাষ্ট্রীয় পুরস্কার পাইনি। সেজন্য অবশ্যই আফসোস হয়। অনেকে জুম্মন লুসাইয়ের চেয়ে হকিতে কম অবদান রেখেও রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।
