নাইজেরিয়া-আইভরি কোস্টের আকর্ষণীয় লড়াই
আফ্রিকান নেশন্স কাপের এক দারুণ আকর্ষণীয় লড়াই রোববার। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ আইভরি কোস্ট ও তৃতীয় স্থান পাওয়া নাইজেরিয়া।
রোববারই চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে টোগোর প্রতিপক্ষ প্রথমবারের মত টুর্নামেন্টের শেষ আটে ওঠা বার্কিনা ফাসো।
‘সুপার ঈগল’ নামে পরিচিত নাইজেরিয়ার আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি দুবার, ১৯৮০ ও ১৯৯৪ সালে। অন্যদিকে ‘এলিফ্যান্টস’ নামের আইভরি কোস্ট চ্যাম্পিয়ন হয়েছে একবারই, ১৯৯২ সালে।
সাফল্যের হার ভালো হলেও গত দশ বছরে আফ্রিকান নেশন্স কাপ শুধু হতাশই করেছে দুই দলকে।
গত চার আসরে দুবার ফাইনালে উঠলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় দিদিয়ের দ্রগবা-ইয়াইয়া তোরেদের দেশ আইভরি কোস্টকে।
নাইজেরীদের হতাশা তার চেয়েও বেশি। ২০০২ থেকে ২০১২ পর্যন্ত পাঁচটি আসরের মধ্যে ২০০৮ সাল বাদে বাকি চার বারই তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এবার তাই আফ্রিকান ফুটবলের দুই পরাশক্তি সাম্প্রতিক অতীতের হতাশা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ।
মুখোমুখি লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে আছে দ্রগবার দেশ। আগের ১১টি ম্যাচের চারটিতে জিতেছে আইভরি কোস্ট, তিনটিতে নাইজেরিয়া। বাকি চার ম্যাচ ড্র।
