বেকহ্যামের নতুন ঠিকানা পিএসজি
প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ডেভিড বেকহ্যাম। পিএসজি নামে পরিচিত ফ্রান্সের ক্লাবটির সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের চুক্তির মেয়াদ পাঁচ মাস।
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলা বেকহ্যাম কিছু দিন ধারে খেলেছিলেন ইতালির এসি মিলানের হয়ে।
পিএসজিতে আসতে পেরে তিনি দারুণ খুশি। এক সংবাদ সম্মেলনে বেকহ্যাম বলেন, “এখন আমার বয়স ৩৭ বছর। এই বয়সেও আমি অনেক প্রস্তাব পেয়েছি, বলা যায় অতীতের চেয়ে বেশিই। তবে এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্যারিস সেইন্ট জার্মেইকে বেছে নেয়ার কারণ, আমি বুঝতে পেরেছি তারা আমার কাছে কী চায়।”
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে চুক্তি নবায়ন না করায় কোনো বন্ধন ছিল না বেকহ্যামের। পিএসজিকেও তাই ট্রান্সফার ফি নিয়ে কোনো দর কষাকষি করতে হয়নি।
নতুন দলে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকার পারিশ্রমিক কত হবে তা জানা যায়নি। শুধু জানা গেছে বেকহ্যামের পারিশ্রমিকের সম্পূর্ণ পাবে প্যারিসের একটি শিশু সাহায্য সংস্থা।
