ফুটবল দলের ব্যবস্থাপকের দায়িত্বে ইকবাল
জাতীয় দলের জন্য একজন স্থায়ী ব্যবস্থাপক নিযুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দায়িত্ব পাচ্ছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন।
বৃহস্পতিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই তথ্য। তবে কত দিনের জন্য ইকবালকে এই দায়িত্ব দেয়া হয়েছে তা জানাননি সালাউদ্দিন।
এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করবেন ইকবাল। তিনি বলেন, “বাফুফে সভাপতির দেয়া দায়িত্ব আমি আস্থার সঙ্গে পালন করার চেষ্টা করবো।”
এর আগে এই পদে ছিলেন আরেক সাবেক জাতীয় ফুটবলার ও আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু। কিন্তু স্বজনপ্রীতির অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। জাতীয় দল সমন্বয় কমিটিও ভেঙে দিয়ে তা নতুন করে গঠন করা হয়।
