ম্যান ইউর জয়, অন্যদের হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও বাকিরা হোঁচট খেয়েছে।
বুধবার রাতে ঘরের মাঠে ম্যান ইউ ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। কিন্তু দুই অতিথি চেলসি ও টটেনহ্যাম হটস্পার জিততে পারেনি। রিডিংয়ের মাঠে চেলসি ২-২ গোলে ড্র করেছে। নরউইচ সিটি সফরে টটেনহ্যামের ফলাফল ১-১।
দিনের সবচেয়ে ‘বড়’ ম্যাচেরও মীমাংসা হয়নি। আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে ইংলিশ ফুটবলের এক সময়ের পরাক্রমশালী লিভারপুল।
আগের দিন গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও ড্র করায় ম্যান ইউর শীর্ষস্থান আরো মজবুত। লিগের ২৪তম রাউন্ড শেষে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের ৫৯ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৫২। ৪৬ ও ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে চেলসি ও টটেনহ্যাম।
পরের তিনটি স্থানে থাকা এভারটন, আর্সেনাল ও লিভারপুলের সংগ্রহ যথাক্রমে ৪১, ৩৮ ও ৩৫ পয়েন্ট।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর জয়ের নায়ক স্ট্রাইকার ওয়েইন রুনি। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের স্ট্রাইকার জে রড্রিগেজের গোলে পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পর দলকে সমতায় ফেরান তিনি। ২৭ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলটিও রুনির।
রিডিংয়ের মাঠে বিরতির ঠিক আগে স্ট্রাইকার হুয়ান মাতা ও দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলে ২-০তে এগিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল চেলসি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় হাতছাড়া হয়ে যায় তাদের।
৮৭ ও ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে বদলি স্ট্রাইকার অ্যাডাম লে ফন্ড্রের জোড়া গোল একটি মূল্যবান পয়েন্ট এনে দেয় স্বাগতিক দলকে।
আর্সেনাল-লিভারপুলের লড়াইও ছিল রোমাঞ্চে ভরা। পঞ্চম মিনিটে স্ট্রাইকার লুই সুয়ারেজ ও ৬০ মিনিটে মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি লিভারপুল।
তবে এরপরই ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ৬৪ ও ৬৭ মিনিটে দুই স্ট্রাইকার অলিভিয়ার জিরুদ ও থিও ওয়ালকটের লক্ষ্যভেদে সমতা নিয়ে আসে স্বাগতিকরা।
