চট্টগ্রামকে হারিয়ে বরিশালের প্রতিশোধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৬ রানে হারিয়ে জয়ে ফিরেছে বরিশাল বার্নার্স। একই সঙ্গে খুলনায় ২১ রানে হারের প্রতিশোধও নিয়েছে প্রথম আসরের রানার্সআপ দলটি।
টানা তিন ম্যাচ হারের পর এই জয়ে ৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে বরিশাল। অন্য দিকে টানা তিন হারে ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে সবার নিচে নেমে গেছে চট্টগ্রাম।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করে বরিশাল। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবি বোপারা (৭ বলে ৯) ও নাঈম ইসলাম (১১ বলে ১৪) দ্রুত বিদায় নিলেও ব্রেন্ডন টেইলরের অর্ধশতকের সৌজন্য এক সময়ে ৩ উইকেটে ৯৮ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল চট্টগ্রাম।
ইলিয়াস সানির বলে তৃতীয় প্রচেষ্টায় ক্যাচ ধরে টেইলরকে ফেরান নাজমুল অপু। টেইলরের ৪২ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা। টেলরের পর রায়ান টেন ডসকেটেও (১৭ বলে ২৪) বিদায় নিলে অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিকরা।
এরপরও চেষ্টা করেছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। উনিশতম ওভারে দুই রান নিতে গিয়ে ঠিক মতো ব্যাট প্লেস না করে রানআউট হওয়ার আগে ৪৫ রান করেন তিনি। তার ২৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা। তার বিদায়ের পর আর পেরে উঠেনি চট্টগ্রাম।
২৪ রানে ৩ উইকেট নিয়ে ইলিয়াস সানি বরিশালের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ১১ রানেই ড্যানলি জোসেফ লিয়ামের (৫) বিদায়ে বরিশালের শুরুটা ভালো হয়নি। ১৬ বলে ২১ রানের আক্রমণাত্মক এক ইনিংস খেলে ব্র্যাড হজও সাজঘরে ফিরলে ৪ ওভার ৩ বলেই ৩৫/২ এ পরিণত হয় বরিশাল।
তৃতীয় উইকেটে আজহার মেহমুদের সঙ্গে সাব্বির রহমানের ৬৮ রানের জুটি গত আসরের রার্নাসআপ দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
কেভন কুপারের বলে ব্রেন্ডন টেইলারের হাতে ধরা পড়ার আগে ২৭ বলে ৫টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪০ রান করেন সাব্বির। তার বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মেহমুদও (২৯ বলে ৩৫)।
এরপর ফিল মাস্টার্ড (১৭ বলে ২৩), অলক কাপালী (২০ বলে অপরাজিত ২৯) ও কবীর আলী (৭ বলে অপরাজিত ১০) রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসের সুবাদে দুশর কাছাকাছি যায় বরিশালের স্কোর।
চট্টগ্রামের পক্ষে কুপার ২ উইকেট নেন ২৭ রানে।
