২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিও

শেষ মুহূর্তের নাটকীয়তায় জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে লাৎসিও। সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে সেরি আ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে লাৎসিওর অগ্রগামিতা ৩-২। গত সপ্তাহে জুভেন্টাসের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ৫৩ মিনিটে মিডফিল্ডার আলভেরো গঞ্জালেজের গোলে এগিয়ে যায় লাৎসিও।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরো ভিদালের লক্ষ্যভেদে স্তব্ধ হয়ে যায় স্বাগতিকরা। তবে তা কয়েক মুহূর্তের জন্য। পরের মিনিটেই লাৎসিওকে জয় উপহার দেন বদলি স্ট্রাইকার সার্জিও ফ্লোচ্চারি।

আগামী ২৬ মে অনুষ্ঠেয় ফাইনালে লাৎসিওর প্রতিপক্ষ ইন্টার মিলান অথবা এএস রোমা।

সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে জিতেছে রোমা। ফিরতি লেগ হবে ১৭ এপ্রিল।