মুক্তিযোদ্ধাকে হারিয়ে আরামবাগের চমক
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
ফিরতি পর্বের শুরু থেকেই লিগ দারুণ জমজমাট। মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাদার্স ইউনিয়ন। এবার মুক্তিযোদ্ধা আরামবাগের ‘শিকার’।
বুধবার আরামবাগের জয়ের নায়ক সবুজ কুমার বিশ্বাস। ২৩ মিনিটে খালেদ আহমেদের ক্রস থেকে চমৎকার হেডে একমাত্র গোলটি করেন তিনি।
এর পর অনেক চেষ্টা করেও মুক্তিযোদ্ধা সমতা ফেরাতে পারেনি। কয়েকটি সহজ সুযোগ নষ্ট করার মাশুল দিয়ে পরাজয়ের হতাশায় ডুবতে হয় তাদের।
এর মধ্যে ৭৫ মিনিটে নাইজেরীয় ডিফেন্ডার ইমানুয়েল ড্যামির ফ্রিকিকে তার স্বদেশী বেঞ্জামিন এলিটার মাথা ছোঁয়াতে না পারার ব্যর্থতা ছিল অমার্জনীয়।
হেরে যাওয়ায় ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে গত বারের রানার্সআপ মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান অষ্টম।
