২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদোর আরেকটি লড়াই

এল ক্লাসিকোর উত্তেজনার সঙ্গে কয়েক বছর ধরে যোগ হয়েছে আরেকটি রোমাঞ্চ, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লড়াই।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 07:19 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

বুধবার রাতে স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে দুই মহাতারকার লড়াই দেখতেও অধীর আগ্রহে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

কাগজে-কলমের হিসাবে মেসি এখন অনেকখানি এগিয়ে রোনালদোর চেয়ে।

মেসির আগে ফিফা বর্ষসেরার পুরস্কার (২০০৮ সালে) জিতলেও পরের চার বছরে (২০০৯ থেকে ২০১২) রোনালদোকে ‘দর্শক’ বানিয়ে ফুটবলারদের সবচেয়ে সম্মানজনক ট্রফিটা উঁচিয়ে ধরেছেন আর্জেন্টিনার ‘খুদে জাদুকর’।

এ মৌসুমে গোলের লড়াইয়েও মেসি অনেকখানি এগিয়ে। লা লিগায় ৩৩টি সহ মৌসুমে তার সর্বমোট গোল ৪৪টি।

অন্যদিকে লা লিগায় ২১টি গোল করা রোনালদো মৌসুমে লক্ষ্যভেদ করেছেন ৩৩ বার।

এবারের এল ক্লাসিকো অবশ্য দুজনই দারুণ ছন্দে থেকে শুরু করবেন। গত রোববার লা লিগায় হ্যাটট্রিক করেছেন দুজনই। তবে সেদিনও প্রধান প্রতিদ্বন্দ্বীকে ‘হারিয়ে’ দিয়েছেন মেসি।

রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল গেতাফেকে ৪-০ গোলে হারানোর কয়েক ঘণ্টা পর মেসির চার গোলের সুবাদে ওসাসুনাকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সা।

সেদিন দুজনই দুটো দারুণ মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম বয়সে লা লিগায় ২০০ গোল করার কীর্তি গড়েন মেসি। আর রোনালদো পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারের ৩০০ গোল।

সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে রিয়াল-বার্সার মতো দুই ফুটবল-মহানায়কও অবশ্য কেউ কাউকে হারাতে পারেননি। গত অক্টোবরে লা লিগায় ২-২ গোলে ড্র হয়েছিল মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ঐ ম্যাচে দুটি করে গোল করেছিলেন মেসি ও রোনালদো।