২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরের শুরুতেই এল ক্লাসিকোর রোমাঞ্চ

স্প্যানিশ কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jan 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই মানেই স্নায়ুক্ষয়ী উত্তেজনা আর নাটকীয়তা। আরেকটি এল ক্লাসিকো রোমাঞ্চের পশরা সাজিয়ে ফুটবলপ্রেমীদের সামনে উপস্থিত। বুধবার রাতে স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে।

বার্সার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকায় স্বয়ং জোসে মরিনিয়ো লা লিগার শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছেন। বরং রিয়ালের স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ তাকিয়ে আছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কিংস কাপের ট্রফির দিকে।

কিন্তু আরেকটি এল ক্লাসিকোর আগে স্বস্তিতে নেই মরিনিয়োর দল। হাতে চোট পেয়ে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস। গোড়ালির চোট কাটিয়ে এখনও সেরে উঠতে পারেননি ডিফেন্ডার পেপে।

বুধবার নিষেধাজ্ঞার কারণে দুই ডিফেন্ডার সার্জিও র‌্যামোস ও ফ্যাবিও কোয়েন্ত্রাও এবং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার অনুপস্থিতিও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবকে।

এত সব সমস্যার সঙ্গে যোগ হতে পারতো একটি বিশাল ক্ষতিও। রোববার লা লিগায় গেতাফের বিপক্ষে হ্যাটট্রিক করলেও গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ক্লাব কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দেয়, পর্তুগিজ তারকার চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

কিংস কাপের বর্তমান এবং রেকর্ড ২৬ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থা ঠিক উল্টো। দলের সবচেয়ে বড় তারকা ও সাফল্যের প্রধান নায়ক লিওনেল মেসি যথারীতি দুর্দান্ত ছন্দে আছেন। অন্যরাও যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।

লা লিগার পয়েন্ট টেবিলেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শিরোপা-দৌড়ে অনেকখানি এগিয়ে বার্সা। ৪৭ ও ৪৩ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আপাতত অনুজ্জ্বল।

১১১ বছরে পা দেয়া এল ক্লাসিকোর পরিসংখ্যানে অবশ্য সামান্য হলেও এগিয়ে রিয়াল।

২২১টি মুখোমুখি লড়াইয়ে ৮৮ বার জিতেছে রিয়াল, বার্সা ৮৬ বার, বাকি ৪৭ ম্যাচ ড্র।

সর্বশেষ পাঁচটি লড়াইয়েও রিয়াল এগিয়ে। একটি হারের বিপরীতে দুটিতে জিতেছে তারা, বাকি দুই ম্যাচের মীমাংসা হয়নি।

কিংস কাপে অবশ্য বার্সা এগিয়ে আছে। আগের ৩০টি লড়াইয়ে বার্সা জিতেছে ১৪ বার, রিয়াল ১০ বার, ড্র ৬ বার।

গতবার শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে রিয়ালকে হারিয়েছিল বার্সা। এবার তাই মরিনিয়োর দলের সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ।