ব্রাদার্সে বিধ্বস্ত মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি লেগে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি লেগে নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বস্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে ৪-১ গোলে হেরে গেছে তারা।
প্রথম লেগে এই ব্রাদার্সকেই ৩-০ গোলে উড়িয়ে দেয়া মোহামেডান অবশ্য কয়েক দিন ধরে মাঠের বাইরের কিছু ঘটনায় স্বস্তিতে ছিল না। বকেয়া বেতনের দাবিতে ফুটবলাররা টানা দুই দিন অনুশীলন বর্জন করেন। ক্লাব কর্মকর্তাদের আশ্বাসে সোমবার তারা অনুশীলনে ফিরলেও ব্রাদার্সের কাছে হার ঐতিহ্যবাহী দলটির অভ্যন্তরীণ সমস্যাই ফুটিয়ে তুলেছে প্রকটভাবে।
মঙ্গলবার অবশ্য মোহামেডানই এগিয়ে যায় শুরুতে। ষষ্ঠ মিনিটে দুই নাইজেরীয়র মাধ্যমে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলটির এগিয়ে যাওয়া। মিডফিল্ডার এজিকে ফ্রান্সিসের পাস থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ওসই মরিসন (১-০)।
কিন্তু এর পরেই পাল্টে যায় খেলার চেহারা। মাঠের নিয়ন্ত্রণ চলে যায় ব্রাদার্সের কাছে। একের পর এক আক্রমণ করে মোহামেডানের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা।
তবে গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় গোপীবাগের দলটিকে। সে সময় নাইজেরীয় ডিফেন্ডার অ্যাডামস জাঙ্কাসার থ্রু ধরে সমতা নিয়ে আসেন কিংসলে চিগোজি (১-১)।
বিরতির ঠিক আগে এগিয়েও যায় ব্রাদার্স। ইনজুরি সময়ে খান মোহাম্মদ তারার কর্নার থেকে ক্যামেরুনের স্ট্রাইকার স্যামসন ইলিয়াসুর গড়ানো শট জড়িয়ে যায় জালে (২-১)।
৫৭ মিনিটে জাঙ্কাসার দারুণ এক গোলে ব্যবধান আরো বেড়ে যায়। কিংসলের দুর্দান্ত লব অনেকখানি দৌড়ে গিয়ে ভলি মেরে গোল করেন জাঙ্কাসা (৩-১)।
৬৭ মিনিটে ব্রাদার্সের জয় নিশ্চিত করে দেন কিংসলে। ব্রাজিলীয় মিডফিল্ডার গ্যারিকা অ্যান্ডারসনের ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন তিনি (৪-১)।
হেরে যাওয়ায় ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকতে হচ্ছে মোহামেডানকে। সপ্তম স্থানে থাকা ব্রাদার্সের পয়েন্ট ৭।
এভাবে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ সাইফুল বারী টিটু। এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিচ্ছেন মোহামেডানের কোচ। খেলা শেষে তিনি বলেন, “একটি দলের জয়-পরাজয়ের দায় কোচের ওপরেই বর্তায়। এই হারের দায়ও আমার কাঁধে তুলে নিচ্ছি।”
“তবে দুই দিন অনুশীলন না করার প্রভাব কিছুটাও হলে পড়েছে এই ম্যাচে। দলের সমন্বয় তৈরি করতে সমস্যা হয়েছে আমার,” যোগ করেন টিটু।
ব্রাদার্সের নাইজেরীয় কোচ লাডিবাবা লোলা বলেন, “অন্যদিন যেভাবে খেলে আজো আমার দল সেভাবেই খেলেছে। আসলে মোহামেডানের বিপক্ষে আমাদের ভাগ্য সহায় হয়েছে।
