খুলনাকে লজ্জা দিয়ে রংপুরের প্রতিশোধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে টুর্নামেন্টের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিয়ে ৩৩ রানে জিতেছে রংপুর রাইডার্স। সেই সঙ্গে খুলনার মাটিতে হেরে যাওয়ার প্রতিশোধও নিয়েছে উত্তরবঙ্গের দলটি।
এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রংপুর। অন্য দিকে ৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে খুলনা। এর আগে দুই দলের শেষ দেখায় ৯ রানে হেরেছিল রংপুর।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় রংপুর। জবাবে ১৮ ওভার ৪ বলে ৮৯ রানেই অলআউট হয়ে যায় খুলনা।
বিপিএলে এটি সর্বনিম্ন রান। প্রথম আসরে খুলনার বিপক্ষে চট্টগ্রামের ৯৩ ছিল এতো দিন সর্বনিম্ন।
লক্ষ্য তাড়া করতে নেমে ফিদেল এডওয়ার্ডসের দ্বিতীয় বলে লু ভিনসেন্ট এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরলে খুলনার শুরুটা ভালো হয়নি।
ভিনসেন্ট না পারলেও খুলনার প্রথম ছয় ব্যাটসম্যানের বাকি পাঁচ জনই পৌঁছান দুই অঙ্কের কোঠায়। কিন্তু তাদের কেউই বিশের কোঠা পর্যন্ত যেতে না পারায় ৮৪ রানেই ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় খুলনা।
দলীয় ৭৯ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ১৯ রান আসে আসিফ আহমেদের ব্যাট থেকে। ১৫ রান করে আসে মিজানুর রহমান ও ড্যানিয়েল হ্যারিসের ব্যাট থেকে।
লক্ষ্য ছোট বলে এরপরও সম্ভাবনা টিকে ছিল খুলনার। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরাও রান না পাওয়ায় টুর্নামেন্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়া লজ্জা এড়াতে পারেনি দলটি।
১১ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার ফিদেল এডওয়ার্ডস। ২১ রানে ৩ শিকার অধিনায়ক আব্দুর রাজ্জাকের।
এর আগে ব্যাট করতে নেমে ২১ রানেই শামসুর রহমান (৬) ও ইমরুল কায়েসের (১) বিদায়ে রংপুরের শুরুটা ভালো হয়নি।
ক্যামেরন বোর্গাসের (১১ বলে ২১) সঙ্গে ২৯ ও নাসির হোসেনের (২১) সঙ্গে ২৩ রানের দুটি ছোট্ট জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেনজা হায়াট (২৩)।
কিন্তু এগারোতম ওভারে ৩ বলের মধ্যে হায়াট ও রানের খাতা খোলার আগেই নিয়াল ও’ব্রায়ানকে ফিরিয়ে দিয়ে খুলনাকে চালকের আসনে নিয়ে আসার কৃতিত্ব হ্যারিসের।
সেখান থেকে নাসির হোসেনের ২১ ও কেভিন ও’ব্রায়ানের অপরাজিত ২৪ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে রংপুর।
২২ রানে ৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার হ্যারিস।
