চৌকস হও: লারা
ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মঙ্গলবার চট্টগ্রামের তিনটি স্কুল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লারা ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’র অংশ হিসেবে স্কুল পরিদর্শনে যান।
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক লারা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “তোমাদের সব দিক থেকেই চৌকস হতে হবে। ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য তোমাদের শিক্ষিত হতে হবে।”
অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, কৃষ্ণা কুমারী সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল ও মুস্তফা হাকিম ডিগ্রি স্কুলএন্ড কলেজ পরিদর্শন করেন তিনি।
মুস্তফা হাকিম ডিগ্রি স্কুলএন্ড কলেজে লারাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম কিংসের সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মনজুর আলম।
দলের সঙ্গে যোগ দিতে শনিবার চট্টগ্রাম আসেন লারা।
