এল ক্লাসিকোর আগে সমস্যায় মরিনিয়োর দল
বুধবার স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সামনে বার্সেলোনা। অথচ এল ক্লাসিকোর আগে বিভিন্ন সমস্যায় জর্জরিত রিয়াল।
হাতে চোট পেয়ে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস। গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ডিফেন্ডার পেপেও।
নিষেধাজ্ঞার কারণে বুধবার খেলতে পারবেন না দুই ডিফেন্ডার সার্জিও র্যামোস ও ফ্যাবিও কোয়েন্ত্রাও এবং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।
তাই সেরা একাদশের পাঁচ জনের অনুপস্থিতিতে জোসে মরিনিয়োর দল বেশ বেকায়দায়।
ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য সাফল্যের ব্যাপারে আশাবাদী। রিয়ালের সবচেয়ে বড় তারকা বলেন, “এটা (বুধবারের এল ক্লাসিকো) খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাচ। আমরা ঘরের মাঠে খেলবো, যা সাফল্যের জন্য অনেক বড় একটা সুযোগ। কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই আমাদের খেলতে হবে। তবে এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের ভালো খেলতেই হবে। কারণ বার্সেলোনা দুর্দান্ত দল।”
স্পেনের সবচেয়ে সফল ক্লাব পর্তুগিজ তারকাকে নিয়েই আশায় বুক বাঁধছে। রোববার স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। স্পর্শ করেছেন ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকও।
