আবাহনীর জয়, শেখ জামালের ড্র
আবাহনী লিমিটেড গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি লেগ জয় দিয়ে শুরু করলেও ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সোমবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আবাহনী ৩-২ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ জামাল গোলশূন্য ড্র করেছে বিজেএমসির সঙ্গে।
ফেনীতে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। আতিকুর রহমান মিশুর কর্ণার থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিম (১-০)।
বিরতির আগে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল পেয়ে যায় আবাহনী। ৪৭ মিনিটে ঘানার স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক এবং ৫১ মিনিটে শাখাওয়াত হোসেন রনি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০।
কিন্তু তিন গোলে এগিয়েও সহজে জিততে পারেনি আবাহনী। ৬৩ মিনিটে আরিফুল হক সৈকত ও ৭৪ মিনিটে লাইবেরীয় স্ট্রাইকার অ্যান্থনি পেলেডো গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩-২এ। তবে শেষ পর্যন্ত মূল্যবান তিনটি পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।
৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগে আপাতত সবার ওপরে আবাহনী। ৩ পয়েন্ট নিয়ে সকার ক্লাব দাঁড়িয়ে অষ্টম স্থানেই।
অন্য ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি শেখ জামাল। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নদের।
৯ ম্যাচ থেকে শেখ জামালের সংগ্রহ ১৯ পয়েন্ট। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে তারা যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে। শেখ রাসেল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ১২ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান ষষ্ঠ।
