২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে আরো দুই দল

আইভরি কোস্টের পর আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে কেপ ভার্দে ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jan 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার প্রথম দল হিসেবে আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইভরি কোস্ট। রোববার শেষ আটে তাদের সঙ্গী হয়েছে কেপ ভার্দে ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে দক্ষিণ আফ্রিকা ২-২ গোলে ড্র করেছে মরক্কোর সঙ্গে। আর প্রতিযোগিতার চমক জাগানো দল কেপ ভার্দে ২-১ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলাকে।

‘এ’ গ্রুপের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ও কেপ ভার্দে দু দলেরই পাঁচ পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে মরক্কো তৃতীয় স্থানে। সবচেয়ে নিচে থাকা অ্যাঙ্গোলার মাত্র এক পয়েন্ট।

নক আউট পর্বে উঠতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ড্র। লক্ষ্য পূরণ হলেও কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছে স্বাগতিকদের।

ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে ১০ ও ৮২ মিনিটে মরক্কোর ডিফেন্ডার ইসাম এল আদুয়া ও ফরোয়ার্ড আবদেলিলাহ হাফিদির গোলে দুবার পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৭১ মিনিটে মিডফিল্ডার মে মাহলাঙ্গু প্রথম এবং ৮৬ মিনিটে ডিফেন্ডার সিয়াবোঙ্গা স্যাংওয়েনি দ্বিতীয় বার সমতায় ফিরিয়ে কাঙ্ক্ষিত ড্র এনে দেন দলকে।

রোববারের দ্বিতীয় ম্যাচে দু দলের সামনেই জয় ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। ৩৩ মিনিটে ডিফেন্ডার মারিয়া নেভেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কেপ ভার্দে। তবে ৮১ মিনিট ও ইনজুরি সময়ে দুই মিডফিল্ডার ফার্নান্দো ভারেলা ও হেলডন র‌্যামোসের লক্ষ্যভেদ কোয়ার্টার ফাইনালে নিয়ে যায় তাদের।