এফএ কাপের পঞ্চম রাউন্ডে দুই ম্যানচেস্টার
এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে ফুলহ্যামকে ৪-১ গোলে হারানোয় ম্যান ইউর এবং স্টোক সিটির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরায় পঞ্চম রাউন্ড নিশ্চিত হয়ে গেছে ম্যান সিটির।
চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল আর এভারটনও। আর্সেনাল ব্রাইটনকে ৩-২ গোলে এবং এভারটন বোল্টনকে ২-১ গোলে হারিয়েছে।
তবে চেলসিকে অপেক্ষায় থাকতে হচ্ছে। ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করায় শেষ ষোলতে ওঠার জন্য তাদের আবার একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।
ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় মিনিটে রায়ান গিগসের পেনাল্টি থেকে এগিয়ে যায় ম্যানইউ। ৫০ মিনিটে ওয়েইন রুনি এবং ৫২ ও ৬৬ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
৭৭ মিনিটে ফুলহ্যামের সান্ত্বনাসূচক গোলদাতা অ্যারন হিউজ।
স্টোক সিটির মাঠে ৮৫ মিনিটে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতা।
ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ড্র নিয়ে ফেরাটাই চেলসির জন্য অনেক স্বস্তিদায়ক। ৪২ ও ৭৩ মিনিটে দুবার পিছিয়ে পড়া চেলসিকে ৫৫ মিনিটে অস্কার প্রথম এবং ৮৩ মিনিটে দ্বিতীয় বার সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেস।
